নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। তবে বাজেট ঘোষণার চেয়ে অনুষ্ঠানের ব্যানারে ব্যবহৃত ‘ভুল তারিখ’ নিয়েই এখন এলাকায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। অথচ অনুষ্ঠানের ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয় “২৯ এপ্রিল ২০২৬”। বাস্তব অনুষ্ঠানের প্রায় দুই সপ্তাহ আগের তারিখ ব্যবহার করায় বিষয়টি মুহূর্তেই স্থানীয়দের নজরে আসে। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা ব্যঙ্গ-বিদ্রূপ ও সমালোচনা।
স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে “সময়কে হার মানানো উন্নয়ন” বলেও আখ্যা দিয়েছেন। সচেতন মহলের দাবি, জনসম্পৃক্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের অসঙ্গতি দায়িত্বহীনতারই পরিচয় বহন করে।
এ বিষয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আগের ডেট দিয়ে ব্যানার না করলে উপরের চাপ পড়বে, তাই আগে থেকেই ব্যানার তৈরি করা হয়েছে।”
তার এই বক্তব্য ঘিরেও এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে, প্রশাসনিক তাড়াহুড়া কিংবা অনুষ্ঠান পরবর্তীতে করেও কাগজে-কলমে আগেই সম্পন্ন দেখানোর সংস্কৃতিরই বহিঃপ্রকাশ এটি।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি বা জনসম্পৃক্ত যেকোনো অনুষ্ঠানে তারিখ, সময় ও তথ্যের যথাযথ উপস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ভুল সাধারণ মানুষের মনে সরকারি কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন তৈরি করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্মেদা খাতুন বলেন, “এটি তাদের নিজস্ব প্রোগ্রাম। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।”